জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনের এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রতিটি মানুষের অংশগ্রহণ জরুরি। দেশের সকল নাগরিকের অধিকার সমান। তাই সকল শ্রেণীপেশার মানুষকে সাথে নিয়েই সমাজ ও জাতিকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, জামায়াত একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। দীর্ঘদিনের জঞ্জাল সরিয়ে সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য। অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সুযোগ্য নেতৃত্বের অভাবে সিলেট কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তাই উন্নত ও মডেল সিলেট গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
গত বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হাবিবুর রহমান আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের কবর রচিত হয়েছে। এখনো যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তবে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াত সব সময় অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভায় সভাপতিত্ব করেন প্রবীণ শ্রমিক নেতা হাজী বিরাই মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারী মাওলানা ফয়জুল ইসলাম জায়গীরদার, সিলেট বিভাগীয় ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া ও সেক্রেটারী মো. আব্দুল আজিজ।
এ ছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধুর বাজার ইউনিট সভাপতি জইন উদ্দিন, সেক্রেটারি রাহাত আহমদ, ভার্থখলা ইউনিট সভাপতি জামিল আহমদ, সেক্রেটারি নাছির উদ্দিন, বিশিষ্ট মুরুব্বি জামাল মিয়া ও কাওসার মিয়া।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
