রাজনীতি এখন ধোঁয়াশাচ্ছন্ন পরিবেশে রয়েছে মন্তব্য করে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তারা মনে করে নির্বাচনে জিততে না পারলে তাদের অস্তিত্ব টিকবে না।”
শুক্রবার বিকেলে দিঘলিয়া উপজেলা বিএনপির আয়োজনে মাঝিরগাতী এ কে এম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রামপ্রসাদ অধিকারী।
আজিজুল বারী হেলাল আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করেছে একটি নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য।
তিনি বলেন, “দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণে পুরোহিত ও পঞ্জিকার মতামতই চূড়ান্ত হওয়া উচিত। এখানে অন্য কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যেমন ঈদের নামাজ চাঁদ দেখেই নির্ধারিত হয়।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল ও দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুর রহমান মিন্টু।
এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা বিল্লাল হোসেন, সাবেক সহ-সভাপতি বাবু সুবোধ কুমার বিশ্বাস, ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবু প্রসেনজিৎ সিকদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন গাজীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মুকিত মীর ও সাধারণ সম্পাদক মো. বাদশা গাজী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
