পূর্ব সুন্দরবনের কচিখালীর ডিমেরচরে ভেসে নিখোঁজ হওয়া পর্যটক মাহিত আব্দুল্লাহর (১৬) লাশ নিখোঁজের ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সাগরে ভাসমান অবস্থায় জেলেরা লাশ দেখতে পেয়ে উদ্ধার করেন। নিহত পর্যটকের বাড়ি ঢাকার মোহাম্মদপুরের শেখেরটেকে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মো. মিজানুর রহমান জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বাবা ও ভাইদের সঙ্গে সমুদ্রে হাঁটার সময় হঠাৎ জোয়ারের পানিতে ভেসে যান মাহিত। বনরক্ষী ও কোস্টগার্ড সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে মোংলা থেকে কোস্টগার্ডের ডুবুরি দল এসে শনিবার সন্ধ্যা ও রোববার সকাল পর্যন্ত অভিযান চালায়। অবশেষে বিকেলে ডিমেরচরের দক্ষিণে জেলেরা ভাসমান লাশটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যদের কাছে হস্তান্তর করেন।
এ সময় ঘটনাস্থলে নিহত পর্যটকের বাবা শেখ সুলতান মাহমুদ আসাদ ও অন্যান্য স্বজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা থেকে আসা ৭৫ জন পর্যটকবাহী জাহাজ এমভি দি এক্সপ্লোরার কচিখালীতে নোঙর করে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করীম চৌধুরী এবং কোস্টগার্ড পশ্চিম জোন মিডিয়া সেল ঘটনাটি নিশ্চিত করেছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
