বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। শুক্রবার সকালে উপজেলার চৌরাস্তা মোড়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য শরীফ ইকবাল হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকে এস এম সাইফুর রহমান মিন্টু। তিনি পেয়েছেন ২৪০ ভোট, তার প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের ডা. হাফিজুর রহমান পেয়েছেন মাত্র ২২ ভোট।
সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে আব্দুল রকিব মল্লিক ২৪৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক টিউবওয়েল প্রতীকে পান মাত্র ৮ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক ১৬০ ভোট এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
মোট ২৮৪ ভোটারের মধ্যে ২৭৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলনকে ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে আসেন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলররা ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করেন। নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
