ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতি রেজাউল করিম চেষ্টা করছেন, যাতে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, ইসলামী ঐক্য জোট, জাতীয় নাগরিক পার্টি ও এবি পার্টির ভোট এক বাক্সে পড়ে, এমন মন্তব্য করেছেন বাগেরহাট-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ শেখ জিল্লুর রহমান।
শুক্রবার বিকাল ৩টায় মোংলা শ্রমিক সংঘ চত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মোঃ রেজাউল করীম মৃধা। এতে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা অধ্যক্ষ রুহুল আমীন, মাওলানা তৈয়্যেবুর রহমান, ডাক্তার লুৎফুল আলম বাবুল, উপজেলা সহ-সভাপতি মাওলানা আবু বকর, সেক্রেটারি রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি নূর মোহাম্মদ বাচ্চু ফকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুসা, পৌর সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করীম, সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম ইসমাইল হোসেন, ছাত্রনেতা ইসমাঈল বিন আব্দুল আজিজ, যুবনেতা মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি জিল্লুর রহমান আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশের জনগণ সুফল ভোগ করতে পারেনি। যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের স্বার্থ হাসিল করেছে। বিশেষ করে গত দেড় যুগে আওয়ামী শাসনামলে দেশের অর্থনীতি তলানিতে নেমেছে। তিনি বলেন, স্বৈরাচারী শাসকের পুনরাবির্ভাব রোধ করতে জাতীয় সরকার গঠন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন জরুরি।
সমাবেশে সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি, গণহত্যাকারীদের বিচার ও বাগেরহাটের চারটি আসনের পুনর্বহালের দাবি জানানো হয়।
সমাবেশে মোংলা উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বিশাল মিছিল শ্রমিক সংঘ চত্ত্বর থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে এসে শেষ হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
