বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে নড়াইল পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল শহরের নড়াইল প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ও সাবেক নড়াইল জেলা আমীর মির্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা জামায়াতের আমীর আতাউর রহমান বাচ্চু, এবং সভাপতিত্ব করেন নড়াইল সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন।
আতাউর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন,
যারা এখনো ২০১৪, ২০১৮ ও ২৪ সালের মতো প্রহসনের নির্বাচন করার স্বপ্ন দেখেন, তাদের সেই স্বপ্ন বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। ১৯৯১ সালে জামায়াতের উদারতার কারণে বিএনপি সরকার গঠন করতে পেরেছিল। যদি আমরা তখন সমর্থন না দিতাম, অন্য দল ক্ষমতায় যেত।
তিনি আরও বলেন, ১৯৯৪ সালে মাগুরা উপনির্বাচনে ভোট ডাকাতির কারণে বিএনপি সরকারে থেকেও কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলন করতে হয়েছিল। তখনও তারা কেয়ারটেকার সরকারের গুরুত্ব বুঝতে পারেনি, অথচ পরে নিজেরাই সেই ব্যবস্থা প্রবর্তন করেছে।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এ আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
