ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রফেসর ইউনূসের প্রতি বিশ্বনেতাদের পূর্ণ সমর্থন ঘোষণা

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

banglahour

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার নিউইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বের ডজনখানেক প্রভাবশালী নেতা। তারা প্রফেসর ইউনূস ও তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বাংলাদেশের এই সংকটময় সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাবেক লাটভিয়ার প্রেসিডেন্ট ও নিজামী গঞ্জাভি ইন্টারন্যাশনাল সেন্টারের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবার্গার নেতৃত্বে এ প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর হোটেল স্যুটে বৈঠক করেন।

উচ্চপর্যায়ের এই দলে ছিলেন—স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরুট পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস টাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউ, বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভনেলিভ ও পেতার স্টোয়ানোভ, ক্রোয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো জোসিপোভিচ, বসনিয়া ও হার্জেগোভিনার সাবেক প্রেসিডেন্ট এমলাদেন ইভানিচ এবং মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরুব-ফকিম।

এছাড়াও উপস্থিত ছিলেন কমনওয়েলথের সাবেক মহাসচিব, জর্জিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী, জাতিসংঘ সাধারণ পরিষদের চার সাবেক সভাপতি, একাধিক সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বিশ্বব্যাংকের সাবেক সহ-সভাপতি ও এনজিআইসি সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন, রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট কেরি কেনেডি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ও জর্জটাউন ইনস্টিটিউট ফর উইমেন, পিস অ্যান্ড সিকিউরিটির জ্যেষ্ঠ প্রতিনিধি।

বক্তারা প্রফেসর ইউনূসের দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় আজীবন অবদানের প্রশংসা করে বলেন, আমরা আপনাদের পাশে আছি। বাংলাদেশের জনগণকে সহায়তা করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

কেরি কেনেডি সম্প্রতি বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে মানবাধিকার অগ্রগতির প্রশংসা করেন। জর্জটাউন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মেলান ভারভিয়ার ঘোষণা দেন যে, প্রতিষ্ঠানটি শিগগিরই বাংলাদেশের জুলাই বিপ্লবকে আনুষ্ঠানিক সমর্থন জানাবে। এনজিআইসি সহ-সভাপতি ইসমাইল সেরাগেলদিন বলেন, যদি আমাদের প্রয়োজন হয়, আমরা আছি।

সমর্থন পেয়ে আবেগাপ্লুত প্রফেসর ইউনূস বলেন, “এটি একেবারেই অপ্রত্যাশিত। আপনাদের এমন একতাবদ্ধ সমর্থন আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। তিনি গত ১৫ বছরের শাসনকে ৯ মাত্রার এক ভূমিকম্প-এর সঙ্গে তুলনা করে বলেন, দেশ এখন পুনর্গঠনের এক বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি।

তিনি আরও বলেন, মানুষ অলৌকিক পরিবর্তনের প্রত্যাশা করছে, যদিও আমাদের সম্পদ সীমিত। তবে আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করতেই হবে—তারা নতুন বাংলাদেশের অপেক্ষায়।

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করে প্রফেসর ইউনূস বলেন, আমরা আপনাদের দিকনির্দেশনা চাই। আপনাদের পরামর্শ, সমর্থন ও নৈতিক শক্তি আমাদের জন্য অমূল্য হবে।

বৈঠকে এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম