একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ নির্বাচনী উৎসবের দিকে এগিয়ে যাচ্ছে। গোটা জাতি একটি উৎসবমুখর নির্বাচন দেখতে অপেক্ষা করছে। বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র, শর্তারোপ ও বাধা-বিপত্তি সৃষ্টি করা হচ্ছে।
শনিবার গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পাঁচমাইল এলাকায় ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়সল আহমদ চৌধুরী আরও বলেন, দেশের অন্তত ৮০ শতাংশ মানুষ বিএনপিকে ভালোবাসে। দীর্ঘ ১৭ বছরের দমন-নিপীড়নেও বিএনপিকে নিশ্চিহ্ন করা যায়নি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে বিএনপি সরকার গঠন করবে। একটি মহল বিএনপির আসন্ন বিজয় ঠেকাতে অযৌক্তিক দাবি তুলে ষড়যন্ত্র করছে। কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড সভাপতি হাজী সুরুজ আলী মেম্বার এবং পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মালিক। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী ও কফিল উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ড বিএনপির নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
