জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বাদ জুমা ও বাদ আসরের পর ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানজটের সৃষ্টি হয়।
প্রথমে বাদ জুমা মুক্তাগাছা বড় মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ খেলাফত মজলিস। উপজেলা শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান, জেলা (পশ্চিম) সহ-সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাদ আসর একই স্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিণ) সভাপতি মাও. মামুনুর রশীদ সিদ্দিকী। এছাড়া মাও. এনামুল হক, হা. খোরশেদ আলম, মাও. রুকন উদ্দিন, মাও. হাফিজ আ. আলিম, হা. মাহবুব হাসান, মাও. মোহাম্মদ আলী ও আল-আমীন প্রমুখ এতে বক্তব্য দেন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাদ জুমার পর ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে। উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি, লয়ার্স কাউন্সিলের জেনারেল সেক্রেটারি এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ। বক্তব্য দেন জেলা কর্ম ও শূরা পরিষদ সদস্য মাওলানা বদরুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
তিন দলের এসব বিক্ষোভ মিছিলে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
