সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস তৌহীদ এর নির্বাহী কর্মকর্তা লেঃ ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩ অক্টোবর) ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।
পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়।
আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।
উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
