বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরাম (WFF)-এর এক পার্শ্ব বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেন।
বৈঠকে দু’দেশের মধ্যে কৃষি, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, সামাজিক ব্যবসা, এবং নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়।
অধ্যাপক ইউনূস বলেন,
বাংলাদেশ ও ব্রাজিল—দুই দেশই কৃষিনির্ভর অর্থনীতি। আমাদের জনগণ ও যুবসমাজের জন্য টেকসই উন্নয়নের নতুন পথ তৈরি করতে একে অপরের অভিজ্ঞতা বিনিময় করা জরুরি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা অধ্যাপক ইউনূসের দারিদ্র্য বিমোচন ও সামাজিক ব্যবসা ধারণার প্রশংসা করে বলেন,
বিশ্ব আজ ন্যায়সঙ্গত অর্থনৈতিক কাঠামো ও সামাজিক সংহতির দৃষ্টান্ত খুঁজছে। বাংলাদেশের অভিজ্ঞতা ও আপনার উদ্যোগ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি।
বৈঠকে উভয় নেতা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ জোরদারের ওপর গুরুত্ব দেন।
ওয়ার্ল্ড ফুড ফোরামের চলমান অধিবেশনে অনুষ্ঠিত এই বৈঠককে আন্তর্জাতিক কূটনৈতিক মহল দক্ষিণ গোলার্ধের উদীয়মান দেশগুলোর মধ্যে নতুন সহযোগিতার এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
