ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬, রবিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

রাজনীতি | স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৮:১৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:১৫ অপরাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচন প্রস্তুতি ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। সরকারের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

বৈঠকে বিএনপি নেতারা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের প্রস্তুতি ও প্রশাসনিক রদবদল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানান, স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে বিতর্কিত ভূমিকা রাখা কর্মকর্তাদের যেন নির্বাচনে কোনো দায়িত্ব না দেওয়া হয়।

তারা আরও বলেন, নির্বাচনের আগে প্রশাসনে যে কোনো পরিবর্তন নিরপেক্ষতা নষ্ট না করে তা নিশ্চিত করতে হবে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বিএনপি নেতাদের আশ্বস্ত করে বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে প্রশাসনের সকল রদবদল সরাসরি তাঁর তত্ত্বাবধানে হবে। তিনি জানান, জেলা প্রশাসক পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে যথাযথ স্থানে নিয়োগ দেওয়া হবে।

প্রফেসর ইউনূস বলেন,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা। নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র। এখানে যিনি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবেন, সেই যোদ্ধাকেই আমরা বেছে নেব। নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব।

বিএনপি নেতারা পুলিশের বদলি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে কিছু পর্যবেক্ষণ জানান। পাশাপাশি সাম্প্রতিক বিভিন্ন স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান তাঁরা, এটি অন্তর্ঘাতমূলক কি না তা খতিয়ে দেখার অনুরোধও করেন।

বৈঠকে উভয়পক্ষই আসন্ন নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ রাখার বিষয়ে একমত হন।

চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম