ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি রাজবন বিহারে দুই দিনের কঠিন চীবর দান উৎসব শুরু

ধর্ম | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(৮ মাস আগে) ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৬ অপরাহ্ন

banglahour

বেইন ঘর উদ্বোধন আর চরকায় সুতা কাটার মধ্যদিয়ে রাঙ্গামাটি রাজবন বিহারে দুইদিনব্যাপী ৪৯তম দানোত্তম কঠিন চীবর দান শুরু হয়েছে। রাঙ্গামাটির রাজবন বিহারের চীবর দান উৎসবই পার্বত্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বৃহত্তম কঠিন চীবর দানোৎসব। এই উৎসবে দেশ বিদেশের লাখো পুণ্যার্থী অংশ নেয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে মঙ্গল সূত্রপাঠ করে বেইন ঘর উদ্বোধন করবেন মহাপরিনির্বাণগত মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পাশাপাশি বেগম রোকেয়া পদক প্রাপ্ত রাঙ্গামাটির নারী উদ্যেক্তা মিসেস মঞ্জুলিকা খীসা চরকায় সুতা কেটে চীবর বুননের আনুষ্ঠানিকতা শুরু করেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ভিক্ষু সংঘের কাছে ২৪ ঘন্টায় তৈরীকৃত চীবর উৎসর্গের মাধ্যমে শেষ হবে ৪৯ তম দানোত্তম কঠিন চীবর দান। 
উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালঙ্কার মহাস্থবির। পরে আবাসিক ভান্তেরা বেইনঘর প্রদক্ষিণ করেন এবং চীবর বুননে অংশ নেয়া পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
শুক্রবার সকালে মুল অনুষ্ঠানের আগে প্রথমপর্বে সংঘদান, অষ্ট পরিষ্কার দান, সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘকে পিন্ডদানের পর দুপুরে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু হবে। বেইন ঘর থেকে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা শুরু করে বিহার এলাকা প্রদক্ষিণ করে রাজবন বিশ^শান্তি প্যাগোডার পাশে বড় মাঠে অনুষ্ঠান মঞ্চে নিয়ে আসা হবে। অনুষ্ঠানে কঠিন চীবরটির সঙ্গে বুদ্ধমুর্তি দান, অষ্ট পরিষ্কার দান, কল্পতরু দান, রাজবন বিশ^ শান্তি প্যাগোডা নির্মাণে টাকাসহ বিভিন্ন দানীয় সামগ্রী দান করবেন পুণ্যার্থীরা। এছাড়া থাকবে ভিক্ষুসংঘের সদ্ধর্ম দেশনা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিদের ধর্মীয় ভাষণ।
বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া কাপড়কে বলা হয় চীবর। প্রাচীন পূর্ণবর্তী নারী বিশাখা প্রবর্তিত নিয়ম ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে চরকায় সূতা কেটে, সুতা রং করে আগুনে শুকিয়ে সেই সুতায় তাঁতে কাপড় বুনে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদের দান করা হয় বলে এর নাম কঠিন চীবর দান বলা হয়।
পার্বত্য এলাকার বৌদ্ধরা দানোত্তম কঠিন চীবর দান উৎসব পালন করে প্রাচীন নিয়মে। প্রাচীন নিয়ম মতে ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরী করে বৌদ্ধ ভিক্ষুদের উৎসর্গ করা হয়। বিশ্বের আর কোথাও এ নিয়মের প্রচলন নেই। তাই ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানে অংশগ্রহন করতে দেশী  বিদেশী, দূর-দূরান্ত থেকে হাজার হাজার পূণার্থী এই এই উৎসবে সমবেত হন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠান ঘিরে উৎসব মুখর হয়ে উঠেছে রাজবন বিহারের পুরো এলাকাসহ গোটা রাঙ্গামাটি শহর। উৎসবে যোগ দিতে রাজবন বিহারের বৃহস্পতিবার থেকে অগণিত পূণ্যার্থীর ঢল নেমেছে। পূর্ণ্যময় অনুষ্ঠানে যোগ দিতে সড়ক ও নৌপথে তিন পার্বত্য জেলার বিভিন্ন পাহাড়ী গ্রাম ও জনপদ থেকে হাজার হাজার সদ্ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হচ্ছে। এছাড়া দেশ-বিদেশ থেকে অসংখ্য পূণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটছে। উৎসব ঘিরে রাজবন বিহার পুরো এলাকায় বসছে মেলা। ধর্মীয় কীর্তন, নাটক, চরকায় সুতা কাটা, বেইন বোনা, কল্পতরু শোভাযাত্রাসহ চলছে বর্ণাঢ্য নানা আয়োজন।
বৌদ্ধ শাস্ত্র মতে, দীর্ঘ আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধের শিষ্য বিশাখা ২৪ ঘন্টার মধ্যে চীবর তৈরীর প্রচলন করেছিলেন। প্রতি বছর আষাড়ী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তিনমাস বৌদ্ধ ভিক্ষুদের বর্ষাবাস শেষে বৌদ্ধ ভিক্ষুদের চীবর দান করতে হয়। এরই ধারাবাহিকতায় ১৯৭৩ সাল থেকে বুদ্ধের শিষ্য বিশাখা প্রবর্তিত নিয়মে রাঙ্গামাটি রাজবন বিহারে ৪৬ বছর ধরে কঠিন চীবর দান উৎসব উদযাপিত হয়ে আসছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, জগতে যত প্রকার দান রয়েছে তার মধ্যে এ চীবর দানই হচ্ছে সর্বোত্তম দান।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চরকায় সুতা কেটে চীবর প্রস্তুতের কাজ সুচনা করা হয়। রাজবন বিহারের বিশাল এলাকা জুড়ে অর্ধশতাধিক চরকা ও ২ শতাধিক বেইন স্থাপন করা হয়েছে। প্রায় ৫ শতাধিক মহিলা এই চীবর তৈরীর কাজে অংশ গ্রহণ নেয়। উৎসবকে নির্বিঘ্নে করতে আইন-শৃংখলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। প্রায় ৬ শতাধিক পুলিশ সদস্য বিহারের ভিতরে এবং বাইরে নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে।
২৪ ঘন্টার পরিশ্রমে তৈরী করা এ চীবর চাক্মা রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় প্রয়াত পার্বত্য ধর্মীয় গুরু বনভন্তে স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার ভিক্ষু সংঘের কাছে এই চীবর উৎসর্গ করবেন। রাতে রাজবন বিহারে ফানুষ উড়িয়ে শেষ হবে রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলন্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান উৎসব।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯