ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বনভান্তের ১০৭তম জন্মদিন পালিত

ধর্ম | রাঙ্গামাটি প্রতিনিধি

(৩ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:১৬ অপরাহ্ন

banglahour

পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)–এর ১০৭তম শুভ জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটির রাজবন বিহারে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জন্মদিন উপলক্ষে প্রথম প্রহরে রাজবন বিহারে মঙ্গল প্রদীপ প্রজ্বালন ও হাজারো বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। রঙিন আলো, ফুল ও বেলুনে সাজানো হয় রাজবন বিহার চত্বর ও বিভিন্ন ভবন। বনভান্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাজবন বিহারে হাজারো পুণ্যার্থী সমবেত হন। বিশেষ প্রার্থনা, পুষ্প পূজা ও নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পুণ্যার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো রাজবন বিহার প্রাঙ্গণ।

জন্মদিন উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। বনভান্তের জন্মস্থান মোরঘোনা গ্রামসহ বিভিন্ন বিহারে এ আয়োজন চলছে। ভোরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে মহতি ধর্মীয় পূণ্যকর্ম অনুষ্ঠিত হয়। এ সময় পুণ্যার্থীদের উদ্দেশে ধর্মীয় নির্দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।

ধর্মীয় আলোচনা সভায় বনভান্তের পবিত্র বাণী স্মরণ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নিজেদের পাপমুক্তি, পার্বত্য অঞ্চলের শান্তি ও বিশ্বমানবতার কল্যাণ কামনায় মহান বুদ্ধের কাছে প্রার্থনা করেন।

এদিকে রাজবন বিহারে ভিক্ষু সংঘের পবিত্র ত্রিপিটক পাঠ, পুষ্প পূজা, মোমবাতি প্রজ্বালন ও বিশেষ প্রার্থনার মাধ্যমে বনভান্তের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জন্মদিন উপলক্ষে কয়েক হাজার নারী-পুরুষ সারিবদ্ধভাবে বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত বনভান্তের পেটিকাবদ্ধ দেহধাতুতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো বৌদ্ধ নর-নারীর উপস্থিতিতে রাজবন বিহার প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।

উল্লেখ্য, শ্রাবকবুদ্ধ বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটির মগবান ইউনিয়নের মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারি তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। এরপর থেকে তার মরদেহ বিশেষ ব্যবস্থায় রাঙ্গামাটির রাজবন বিহারে সংরক্ষিত রয়েছে। শান্তি, সম্প্রীতি ও মানবতার যে আদর্শ তিনি রেখে গেছেন, তা আজও সবার জন্য অনুপ্রেরণার উৎস।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯