দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙ্গামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য পরিবার কেন্দ্রে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ এর নেতৃত্বে ৫ সদস্যের দুদকের একটি টিম বরকল এইসব স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে রাঙ্গামাটি দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা বুধবার সকাল থেকে বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভিযান পরিচালনা করি এবং এখানে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে অনিয়মের কিছু সত্যতা পেয়েছি।
তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারসহ কর্মকর্তাদের অনুপস্থিতি, ঔষধ প্রদানে অনিয়ম, স্বাস্থ্য সেবা থেকে স্থানীয়রা বঞ্চিতসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশার পাশাপাশি কিছু বিষয়ে অনিয়মের প্রমান পাওয়া গেছে। দ্রুত এই সকল অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বরকল উপজেলা আবাসিক চিকিৎসক জিকু শীল জানান, দুদকের পক্ষ থেকে একটি টিম আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয় নিয়ে খোজখবর নিয়েছেন। আমরা সবকিছু উপস্থাপন করেছি। তিনি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট রয়েছে। তাছাড়া ১৭জন ডাক্তারের মধ্যে রয়েছে শুধুমাত্র ১জন। এসব বিষয় নিয়েও তিনি দুদককে জানিয়েছেন বলে জানান।
এর পর দুদক টিম উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্র ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ভূষণছড়া বরকলে অভিযান পরিচালনা করেন। এসময় আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্রে কোন কর্তকর্তা কর্মচারি পাওয়া যায়নি এবং অফিস তালা দেওয়া ছিলো।
অন্যদিকে পরিবার কল্যাণ কেন্দ্র, ভূষণছড়ায় একজন স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেবা পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। এসময় দুদকের কর্মকর্তারা নানান নথি তলব করেন। সেবা নিয়মিত না দেওয়ার প্রমাণ মেলে। এইসব অনিয়মগুলো খটিয়ে দেখছি পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা করে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
