বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নির্বাচনের দিনই দেশে গণভোট হবে, তার আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।” তিনি সতর্ক করে বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বা তালবাহানা বরদাস্ত করা হবে না।
বৃহস্পতিবার বিকেলে যশোর টাউনহল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে যশোর জেলা বিএনপি।
মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। দেরি করলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।” তিনি আরও বলেন, “ঐক্য কমিশনে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল একমত হয়েছে, তা বাস্তবায়ন করতে হবে। স্বাক্ষরের পর নতুন কোনো শর্ত সংযোজনের অপচেষ্টা শুভ পরিণতি আনবে না।”
বিএনপি মহাসচিব সতর্ক করে বলেন, “নির্বাচন বিলম্বিত হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে। বিএনপি কোনো ষড়যন্ত্র বা চক্রান্তের কাছে আপোষ করবে না।”
তিনি ড. ইউনুস সরকারকে উদ্দেশ্য করে বলেন, “গণতন্ত্রের পথে ফিরে আসার সুযোগ এখনই। গণতন্ত্র হরণ হলে জনগণের অধিকার ক্ষুণ্ণ হবে।”
তরিকুল ইসলামকে স্মরণ করে ফখরুল বলেন, “তিনি ছিলেন ক্ষণজন্মা নেতা—দেশপ্রেমিক ও গণতন্ত্রের যোদ্ধা। তিনি আজীবন দেশকে আধিপত্যবাদ থেকে মুক্ত রাখতে সংগ্রাম করেছেন।” এ সময় তিনি প্রয়াত নেতার জীবন ও কর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশেরও আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
শেষে মুফতি মাওলানা আমানুল্লাহ কাসেমী দোয়া পরিচালনা করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
