ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংঘাতমুক্ত নতুন বাংলাদেশ গড়তে ছাত্র–জনতার সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ— ভিপি নুর

রাজনীতি | গোপাল মোহন্ত, গাইবান্ধা প্রতিনিধি

(৯ মাস আগে) ১০ নভেম্বর ২০২৫, সোমবার, ১১:৩৭ পূর্বাহ্ন

banglahour

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, আগামি জাতীয় নির্বাচনে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেবে গণঅধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেশের ও রাষ্ট্রের স্বার্থ বিবেচনায় রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে তফসিল ঘোষণার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভিপি নুর বলেন, 'আমরা চাঁদাবাজ, দখলবাজ, ভূমিদস্যু ও সংঘাতমুক্ত একটি নতুন বাংলাদেশ চাই। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে তরুণ প্রজন্ম দীর্ঘদিন আন্দোলন করেছে, আগামিতে তাদেরই সুযোগ দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে গণ–অভ্যুত্থানের ছাত্র–জনতাকেই সিদ্ধান্ত নিতে হবে, আগামি নির্বাচনে কার কাছে তাঁরা ভোট দেবেন।'

এসময় গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে দলের মনোনীত প্রার্থী হিসেবে জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মো. সুরুজ্জামান সরকার ওরফে খাজার নাম ঘোষণা করেন নুর। তিনি বলেন, 'তিনি সৎ ও যোগ্য প্রার্থী। নির্বাচনে ট্রাক মার্কায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে হবে।'

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার প্রসঙ্গ টেনে নুর বলেন, সুযোগ পেলে গাইবান্ধায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি বালাসিঘাটে টানেল নির্মাণসহ যোগাযোগ, কৃষি ও অর্থনৈতিক খাতের উন্নয়ন ঘটানো হবে। রংপুর সুগার মিল, পাটকলসহ বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে এবং শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মন্নাফ। বক্তব্য রাখেন জেলা সভাপতি এস.এস. মামুন, প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, সাধারণ সম্পাদক সামিউল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, সাদুল্লাপুর উপজেলা সভাপতি আমিনুল রহমান ও সদস্য সচিব শরিফুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে ভিপি নুর রংপুর থেকে সড়ক পথে পীরগাছা ও সুন্দরগঞ্জের বামনডাঙ্গা-নলডাঙ্গা হয়ে জনসভাস্থলে পৌঁছান। জনসভা শেষে তিনি পলাশবাড়ী উপজেলা শহরে এক পথসভায় যোগ দেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম