ফরিদপুরে স্ত্রী সাজিয়া আফরিন রোদেলা হত্যা মামলায় স্বামী সোহানুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আদালত। এছাড়াও ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য্য করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। মামলায় ৮ আসামীর মধ্যে ৭ জনকে বেকসুর খালাস দেয় আদালত।
সাজাপ্রাপ্ত সোহান সুইডেনে পলাতক রয়েছেন। ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছে আদালত।
মামলার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারী রোদেলাকে হত্যা করে পালিয়ে যায় স্বামী ও তার স্বজনরা। পরদিন রোদেলার মা রুমানা খান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। ওই বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
২০১৫ সালে ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কের মিজানুর রহমান সেন্টুর ছেলে সোহানুর রহমান এর সাথে আলীপুরের শওকত হোসেন খান এর মেয়ে সাজিয়া আফরিন রোদেলার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও তার স্বজনরা যৌতুকের দাবিতে রোদেলার উপর নির্যাতন চালাচ্ছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
