বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর করার উদ্দেশ্যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলছে—এ মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। তিনি বলেন, এই দাবি বাস্তবসম্মত নয় এবং কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
শুক্রবার সকালে কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার একটি পার্কে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং তাদের পাস করা আইনকে স্বীকৃতি দেওয়ার একমাত্র পথ হলো গণভোট। কিন্তু বিএনপি এ মৌলিক বিষয়ে রাজি নয়। একটি দলের একগুঁয়েমি ও হটকারিতার কারণেই দেশ স্বৈরাচারী পরিস্থিতির দিকে অগ্রসর হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হওয়া প্রয়োজন।
সম্মেলনে জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় এবং জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ এর প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ এর প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ এর প্রার্থী মো. রোকন রেজা শেখ, কিশোরগঞ্জ-৬ এর প্রার্থী মাওলানা কবির হোসাইন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিবসহ আরও অনেকে।
সম্মেলনে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৭৫০ জন রুকন উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
