পটুয়াখালীতে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিরুদ্ধে অসাংগঠনিক আচরন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন লিখিত বক্তব্যে বলেন,কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরীকে পটুয়াখালী-১ আসনে ধানেষ শীষ প্রতীকের মনোনয় দেয় কেন্দ্রীয় বিএনপি। একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও প্রার্থী ঘোষনার পর বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ শুরু করেন। কিন্তু পটুয়াখালীর বদরপুর ইউনিয়নে একটি নির্বাচনী জনসমাবেশে পটুয়াখালী জেলা বিএনপিকে নিয়ে অসংগঠনিক বক্তব্য দেন আলতাফ হোসেন চৌধুারী।
জেলা বিএনপির সাধারন সম্পাদক বলেন, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে বর্তমান কমিটি নির্বাচিত হয়ে দলের ভাইস চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে ইতোমধ্যে ভোট প্রার্থনা শুরু করেন। যার ফলে হাজার হাজার মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। পটুয়াখালী ১ আসনে আলতাফ হোসেন চৌধুরী প্রাথমিক মনোনয়ন পাওয়ার পর জেলা বিএনপি জরুরি বৈঠক করে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে। কিন্তু গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরী জেলা কমিটির সাথে দেখা করলেও নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন আলাপ করেননি। জেলা বিএনপির নেতৃবৃন্দকে বাদ দিয়েই তিনি বিভিন্ন এলাকায় সভা সমাবেশ করছেন। এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া গত ২৬ নভেম্বর বদরপুর ইউনিয়নে অনুষ্ঠিত একটি নির্বাচনী সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক কে কটুক্তি করে "জেলা কমিটির কথা বাদ দেন", "ওটা ফ্রিজ হয়ে গেছে", "হিমাগারে চলে গেছে" এমন বক্তব্য প্রদান করেন। যা দায়িত্বশীল রাজনৈতিক বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবী করেন তিনি। একজন প্রার্থীর পক্ষ থেকে নির্বাচিত কমিটিকে এইভাবে অবমূল্যায়ন করা সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক কাঠামোর প্রতি স্পষ্ট অসম্মান। ব্যক্তিগত ক্ষোভ, ভুল তথ্য কিংবা দলের নির্বাচিত নেতৃত্বকে অপমান করে কাউকে ছোট করা বিএনপি সমর্থন করে না। পটুয়াখালী জেলা বিএনপি সম্পূর্ণ ঐক্যবদ্ধ, যেকোনো বিভ্রান্তিকর বা সংগঠনকে অবমূল্যায়নকারী বক্তব্য জেলা বিএনপি প্রত্যাখ্যান করে ধানের শীষের বিজয় নিশ্চিতে কাজ করবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি'র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির প্রভাবশালী সদস্য ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু সহ বিভিন্ন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
