ঢাকা, ২৬ মে ২০২৬, মঙ্গলবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তিতে রাঙামাটিতে বিশাল গণসমাবেশ

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(৫ মাস আগে) ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৫ অপরাহ্ন

banglahour

দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাহাড়ী জনগন যেভাবে পার্বত্য চুক্তি সম্পাদন করেছে ঠিক তেমন করে এই চুক্তি বাস্তবায়ন করে ছাড়া হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে তিনি মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জিমনেসিয়াম মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পার্বত্য চুক্তির ২৮ বছর পুর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই গণ সমাবেশের আয়োজন করে।
পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণবাস্তবায়নের দাবীতে রাঙ্গামাটির বিভিন্ন স্থান থেকে পাহাড়ী নারী পুরুষ মিছিল সমাবেশ করে সমাবেশ স্থলে যোগ দেয়। 
গনসমাবেশে উষাতন তালুকদার বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে দেশে সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণার কথা রয়েছে। যদি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে তিনি ঘোষণা দেন। তিনি বলেন নির্বাচনে অংশ নিয়ে পাহাড়ে জুম্ম জনগনের নিজের অধিকার নিজেদের ফিরিয়ে আনার প্রচেষ্টা নিতে হবে। 
উষাতন তালুকদার পার্বত্য জেলা পরিষদ গুলোর শক্তিশালী করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকার মাধ্যমে জেলা পরিষদ গুলোর নির্বাচন দিন। পরিষদ গুলোকে শক্তিশালী করতে পাহাড়ের মানুষ জেলা পরিষদ গুলোর নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি নির্বাচিত হলেই জেলা পরিষদ গুলো শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন। 
রাঙ্গামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বক্তব্য রাখেন।
এদিকে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের জনসংযোগ সংযোগ কর্মকর্তা বিমল কান্তি চাকমা ও সহকারী নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, সাবেক উপ সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য অ্যাড. চঞ্চু চাকমা, ফদাং তাং রাংলাই, হাজী মো: কামাল উদ্দিন, নুরুল আলম, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, জেলা পরিষদের সদস্য নাই উ প্রু মারমা মেরি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ সভাপতি থোয়াই অং মারমা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কমিউনিস্ট পার্টি রাঙ্গামাটি জেলা সভাপতি সমির কান্তি দে, সি এইচ টি উইমেন নেটওয়ার্কের সাধারন সম্পাদক  সান্তনা চাকমা, এনজিও সংস্থা পাড়ার নির্বাহী পরিচালক  মো: আব্বাস উদ্দিন প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার ও জনসংহতি সমিতির তথ্যের মধ্যে তারতম্য রয়েছে বলে উল্লেখ করে বলেন, পার্বত্য চুক্তি ২৮ বছর পরেও চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হওয়া পাহাড়ের মানুষের জন্য দূর্ভাগ্যের। পার্বত্য চুক্তির পুর্ন বাস্তবায়নের জন্য পাহাড়ের বসবাসরত স্থায়ী পাহাড়ী বাঙ্গালী মানুষকে ঐক্যমত সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন বক্তারা। 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯