বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে থানা ও ওয়ার্ড পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে সিলেট মহানগরের ৬টি থানা ও ৪২টি ওয়ার্ডে একযোগে এই দোয়া কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ জুম্মা অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়ে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার অসুস্থতা দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গভীর উদ্বেগের বিষয়।”
তিনি আরও বলেন, একজন তিনবারের প্রধানমন্ত্রীকে যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আল্লাহর দরবারে দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, তার সুস্থতা দেশের মানুষকে নতুন করে আশার আলো দেখাবে।
দোয়া মাহফিলে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ৩৬ নম্বর ওয়ার্ডের কর্মসূচিতে অংশ নেন। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করা হয়।
এছাড়া মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
