পটুয়াখালী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মো. আলতাফ হোসেন চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তিনি পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গতি ও মাত্রা বেড়ে গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।
তিনি বলেন, “আজ দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে মা-বোনেরা আমাদের সঙ্গে রয়েছেন। এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, পটুয়াখালী-১ আসনে বিএনপিসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে দল বড় বা ছোট বিষয় নয়, বরং প্রার্থীর পরিচিতি ও জনগণের কাছে গ্রহণযোগ্যতার ওপরই নির্বাচনের ফলাফল নির্ভর করবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, “এই নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র চলছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশের জনগণ জানে কীভাবে নিজেদের অধিকার আদায় করতে হয়।” তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমেই দেশের প্রায় ২০ কোটি মানুষ সব ষড়যন্ত্র পদদলিত করে তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করবে।
এর আগে সকাল সাড়ে ১০টায় শেরেবাংলা সড়কে নিজ বাসভবন ‘সুরাইয়া ভিলা’-তে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক দোয়া ও মোনাজাতে অংশ নেন আলতাফ হোসেন চৌধুরী। পরে তিনি পায়ে হেঁটে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্দেশে রওয়ানা হন। সোনালী ব্যাংক মোড়ে নেতাকর্মীদের রেখে পাঁচজন প্রতিনিধি নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, প্রধান নির্বাচন সমন্বয়কারী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না মিয়া এবং অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
