রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হকের কার্যালয়ে নাসিরুল হক সাবুর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন তাঁর মেয়ে ফারজানা হক অনি।
এ সময় প্রস্তাবকারী হিসেবে উপস্থিত ছিলেন শরিসা ইউনিয়ন বিএনপির নেতা রাফিজুল আলম ডালু এবং সমর্থক হিসেবে পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মুরাদ বিশ্বাস।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফারজানা হক অনি বলেন, “আমরা শতভাগ আশাবাদী। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার পিতা নাসিরুল হক সাবু পুনরায় জনগণের সমর্থন নিয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন।”
পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম মুরাদ বিশ্বাস বলেন, “রাজবাড়ী-২ আসনের জনগণ সাবু সাহেবের পক্ষে রয়েছে। আমরা বিশ্বাস করি তাঁর জনপ্রিয়তার কারণেই তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হবেন।”

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
