বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, চা শ্রমিক, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে সশরীরে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিল শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “নির্বাচনের পরিবেশ যাতে কেউ ব্যাহত করতে না পারে, সে জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার যেভাবে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর উদ্যোগ নিয়েছিল, এবারও তেমন ব্যবস্থা গ্রহণ করা উচিত। এতে ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ ও ভোট দেওয়ার আগ্রহ আরও দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরব এবং জনগণকে আহ্বান জানাবো সেই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বর্তমান পরিস্থিতির উন্নয়ন ঘটাতে। বিএনপি অতীতে একাধিকবার সরকার পরিচালনা করেছে। আগামীতে আমরা কীভাবে দেশ পরিচালনা করব, সেই পরিকল্পনাও জনগণের সামনে উপস্থাপন করা হবে। আমাদের অতীতের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা দেখে মানুষ আমাদের ওপর আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”
খন্দকার মুক্তাদির বলেন, “আমাদের প্রস্তাবকারী ও সমর্থকদের মধ্যে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, চা শ্রমিক, জুলাই যোদ্ধা এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা রয়েছেন। সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণেই আমাদের এই যাত্রা। চা শিল্পকে তার পূর্বের গৌরবে ফিরিয়ে আনতে আমরা কাজ করব। চা শ্রমিকদের বেতন বৃদ্ধি, জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার এবং অ্যাম্বুলেন্স সার্ভিসসহ সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাদীয়া চৌধুরী মুন্নী, বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালি পংকি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশিক উদ্দিন, সহ-সভাপতি শাহজামান নুরুল হুদা ও শহীদ আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বাদ জোহর খন্দকার মুক্তাদিরের তোপখানাস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মহানগর বিএনপি ও সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। দোয়া মাহফিল শেষে তিনি মনোনয়নপত্র দাখিল করতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
