আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন প্রার্থী। সোমবার দুপুরে মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কৃষ্ণ চন্দ্রের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরা হলেন,বিএনপি মনোনীত প্রার্থী মো: জাকির হোসেন বাবলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ, , বাংলাদেশ খেলাফত মজলিশের মাওলানা রেজাউল করিম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং গণসংহতি আন্দোলনের মো. নজরুল ইসলাম।
বিএনপির মনোনীত প্রার্থী মো: জাকির হোসেন বাবলুর সঙ্গে মনোনয়নপত্র জমা দিতে উপস্থিত ছিলেন দলের সাবেক সংসদ সদস্য এডভোকেট আবু রেজা ফজলুল হক বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ সুরুজ ও বিএনপি নেতা আব্দুল লতিফ।
অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দের সঙ্গে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য এবং জেলা উলামা বিভাগের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা বদরুল আলম, মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. শামছুল হক, সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ মোজাহিদ ও আব্দুল কুদ্দুছ মাস্টার।
সহকারী রিটার্নিং কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র জানান, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
মনোনয়নপত্র জমা ঘিরে মুক্তাগাছা উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে আরও সক্রিয় প্রচার প্রচারণা শুরু হবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকেরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
