ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন বাস্তবতার জন্ম দিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য আবু তাহের বলেন, এবারের নির্বাচন তিনটি মৌলিক দিক থেকে ব্যতিক্রম। তিনি বলেন, “প্রথমত, এই নির্বাচনে আওয়ামী লীগ নেই। দ্বিতীয়ত, বিএনপি কার্যত একা অবস্থানে রয়েছে। তৃতীয়ত, ডানপন্থী রাজনৈতিক দল ও চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো অভূতপূর্ব ঐক্যে আবদ্ধ হয়েছে। এমন রাজনৈতিক চিত্র বাংলাদেশ আগে কখনো দেখেনি।”
তিনি আরও বলেন, “এই বাস্তবতায় একদিকে সীমিত কয়েকটি রাজনৈতিক শক্তি, অন্যদিকে গোটা বাংলাদেশের জনগণ—এমন এক ভিন্নধর্মী নির্বাচন সামনে আসছে।”
নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যারা বলেছিল এই নির্বাচন অনুষ্ঠিত হবে না, তাদের সেই অপচেষ্টা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। আমরা আশা করি, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান নিরপেক্ষতা বজায় রাখবে এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”
এ সময় তিনি নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াত এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
