ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের শোক

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:৩১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

এক শোকবার্তায় ড. আলিমুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর ইন্তেকালে জাতি একজন মহান অভিভাবক ও প্রাজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।

শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্তির অনুপ্রেরণা পেয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব এ দেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ের পথ দেখিয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশে সংসদীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ছিল অসামান্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বহুবার কারাবরণ করেছেন, নানা চড়াই-উতরাই পেরিয়েছেন, কিন্তু রাজনৈতিক আদর্শ ও জনগণের অধিকারের প্রশ্নে তিনি ছিলেন অবিচল। বিগত ফ্যাসিবাদী শাসনামলে তিনি সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক হিসেবে আবির্ভূত হন এবং আপোষহীন অবস্থানের কারণে চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন।

ড. আলিমুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে বহুদূর এগিয়ে নিয়েছে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতিতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত সফল। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হন এবং ২০০৮ সালে যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন, সেখানেও বিজয়ী হন। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম খালেদা জিয়ার অবদান ও সংগ্রামের স্মৃতি ইতিহাসে সংরক্ষিত থাকবে। দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর প্রয়াণের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটলো।

উল্লেখ্য, ৮০ বছর বয়সী জননেত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৩ নভেম্বর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯