ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

২০ মিনিট দেরিতে মনোনয়ন জমা না দিতে পারায় নির্বাচনে থাকা হলো না মুসলিম লীগের প্রার্থীর

রাজনীতি | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার, ১০:১৯ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মাত্র ২০ মিনিট দেরি হওয়ায় ময়মনসিংহের মুক্তাগাছা আসন থেকে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো: ফরহাদ হোসেন মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র গ্রহণের অনুরোধ জানান। তবে সময় অতিবাহিত হওয়ার কারণ দেখিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি।
এ বিষয়ে মো: ফরহাদ হোসেন বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, অনলাইনে অর্থ জমার গ্রহণ স্লিপসহ সব নথি প্রস্তুত করতে গিয়ে কিছুটা বিলম্ব হয়। পাশাপাশি কয়েকটি গণমাধ্যমে মনোনয়ন জমার সময়সীমা বাড়তে পারে, এমন সংবাদ এবং টানা তিন দিন সরকারি অফিস বন্ধ থাকায় আনুষঙ্গিক কাজ সম্পন্ন করতে দেরি হয়।
তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের পাচার হওয়া অর্থ ও দেশে পুঞ্জীভূত কালো টাকা উদ্ধার করে তা সাধারণ জনগণের মধ্যে বিনা সুদে, বিনা জামানতে সহজ কিস্তিতে ঋণ হিসেবে বিতরণের দাবিতে আন্দোলন করে আসছেন। তার দাবি, এই অর্থ দেশের জনগণের, রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ এবং এই অর্থের একমাত্র হকদারও জনগণ।
মো: ফরহাদ হোসেন জানান, গৃহহীন ও বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে গত ৯ আগস্ট ২০২৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত তিনি ঢাকার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে লাগাতার কর্মসূচি পালন করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার তার দাবিগুলো বাস্তবায়ন করেনি।
তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মুক্তাগাছার প্রতিটি ইউনিয়নে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং তার নির্বাচনী এলাকায় কোনো বেকার থাকবে না।
নির্বাচনে অংশ নিতে না পারায় হতাশা প্রকাশ করে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানান।

বুধবার বিকেলে মুক্তাগাছা প্রেসক্লাবে  লিখিত বক্তব্যের মাধ্যমে এসব দাবি সাংবাদিকদের সামনে তুলে ধরেন মো: ফরহাদ হোসেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯