মোংলার সুন্দরবনের সরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার। এ বাঘটি উদ্ধারে বিশেষজ্ঞদের নিয়ে রোববার (৪ জানুয়ারি) সকালে উদ্ধার অভিযান শুরু করবে বনবিভাগ।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খাল পাড়ের সুন্দরবনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে পড়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর এ খবর পেয়ে সেখানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। এরপর বনবিভাগের সদস্যরা সরকির খাল পাড় এলাকা কর্ডন করে রেখেছে। যাতে কোন লোকজন ওই এলাকায় যেতে না পারে। তিনি বলেন, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভিতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।
শনিবার গভীর রাতে সেখানে ফাঁকা গুলি ছুড়া হবে, শব্দে যাতে বাঘটি ঘটনাস্থল থেকে দূরে সরে যেতে পারে।
তারপরও বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেনারী সার্জন আনা হচ্ছে। রোববার সকালে পৌঁছালেই বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। বাঘটি উদ্ধারে ব্যবহার করা হবে ট্যাংকুলাইজার।
গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হবে। ট্যাংকুলাইজার করার পর বাঘটি আধা ঘন্টা অচেতন থাকবে। তখন সেটিকে ফাঁদ থেকে ছাড়ানো হবে।
এছাড়া বাঘটি যদি অন্য কোন আঘাতে অসুস্থ হয়ে থাকে তাহলে সেটি উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনা কিংবা ঢাকায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
