চুয়াডাঙ্গায় প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমছে। সোমবার (৫ জানুয়ারি) গোটা জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে গেলেও মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে মাঝারি শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এর ফলে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকছে। কুয়াশা কম থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। তিনি আরও জানান, আগামী দুই একদিন তাপমাত্রা একই রকম থাকতে পারে।
তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় জেলার সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। ঠান্ডা বাতাস, ঘন মেঘ আর সূর্যের দেখা না পাওয়ায় চুয়াডাঙ্গায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে অসহায় ও ছিন্নমূল মানুষগুলো শীতের তীব্রতায় চরম কষ্টে পড়েছে। টানা চার দিন ধরে সূর্যের দেখা নেই। সড়কে মানুষের চলাচলও কমে গেছে। অনেককে খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করতে দেখা গেছে।
এদিকে সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে।
গত সোমবার (৫ জানুয়ারি) দিনগত রাতে জেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বড়বাজার ব্রিজ সংলগ্ন এলাকা, সি অ্যান্ড বি রজনীগন্ধা পাড়া ও জেলা পরিষদের পেছনে অবস্থিত জনবসতির মানুষের মাঝে প্রায় ২০০টি কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও সার্বিক) নয়ন কুমার রাজবংশী, সহকারী কমিশনার (সংস্থাপন) ফাহাদ চৌধুরী, সহকারী কমিশনার (মিডিয়া সেল) আবদুল্লাহ আল নাঈম এবং সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা) মির্জা শহিদুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
