ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভবন অর্ধসমাপ্ত, শিক্ষক অনুপস্থিত

শিক্ষা | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি

(৩ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৩:১৮ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় ৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাধ্যমিক শিক্ষা অর্জনের একমাত্র সরকারি প্রতিষ্ঠান হলো ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়। তবে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যার কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

২০২২ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ শুরু হয়। অভিযোগ রয়েছে, তৎকালীন সরকার পতনের সুযোগে ঠিকাদার প্রায় ৮০ শতাংশ অর্থ উত্তোলন করে কাজ অসম্পূর্ণ রেখেই আত্মগোপনে চলে যান। বর্তমানে ভবনের প্রায় ৬০ শতাংশ কাজ সম্পন্ন হলেও নির্মাণসামগ্রী বিদ্যালয় প্রাঙ্গণে ঝুঁকিপূর্ণভাবে পড়ে রয়েছে।

শিক্ষা কার্যক্রম সচল রাখতে শিক্ষা প্রকৌশল বিভাগ নিজ উদ্যোগে অবশিষ্ট কাজ সম্পন্ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী ইসলাম খান পারবেজ।

বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। একটিমাত্র প্রধান শিক্ষক পদ থাকলেও তা এক যুগেরও বেশি সময় ধরে শূন্য। ১২টি সিনিয়র সহকারী শিক্ষক পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। ১৩টি সহকারী শিক্ষক পদের মধ্যে কাগজে-কলমে কর্মরত আছেন পাঁচজন। তৃতীয় শ্রেণির দুটি ও চতুর্থ শ্রেণির চারটি পদ প্রায় দুই যুগ ধরে শূন্য রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের সামনে নির্মাণসামগ্রী এলোমেলোভাবে পড়ে থাকায় শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যালয়ের রুটিন অনুযায়ী সকালের সমাবেশ পুরোনো ভবনের বারান্দা ও চলাচলের রাস্তার ওপর দাঁড়িয়ে করতে হচ্ছে শিক্ষার্থীদের।

সমাবেশ শেষে ষষ্ঠ শ্রেণিতে পাঠদান করেন অস্থায়ী কম্পিউটার অপারেটর সুজন চাকমা (যিনি সরকারি নিয়োগপ্রাপ্ত নন)। নবম শ্রেণিতে ক্লাস নেন সহকারী শিক্ষক মো. আল-আমিন হোসেন এবং সপ্তম শ্রেণিতে পাঠদান করেন সিনিয়র শিক্ষক শান্তিময় চাকমা। অফিস কক্ষে ভর্তি কার্যক্রমে দায়িত্ব পালন করেন ইলিয়াস আহমেদ। শিক্ষক অনুপস্থিতির কারণে অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের বারান্দায় ঘোরাফেরা ও কোলাহল করতে দেখা যায়, যা স্বাভাবিক পাঠদানে মারাত্মক ব্যাঘাত ঘটাচ্ছে।

বিদ্যালয়ের বেসরকারি শিক্ষা কমিটির সভাপতি ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা বলেন,
“গত বছর বিদ্যালয়ে শিক্ষকদের সঠিক তদারকি না থাকায় কিছু শিক্ষক সুযোগ নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। কেউ কেউ মাসে দুই–এক দিন এসে চলে যান।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করেন, সহকারী শিক্ষক (ইংরেজি) মো. ফরহাদুল ইসলাম ২০২৪ সালের জুনে যোগদান করলেও এখন পর্যন্ত ১৫ দিনও নিয়মিত ক্লাস নেননি। অন্যদিকে বছরের প্রথম কার্যদিবসে সহকারী প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা ছুটিতে থাকলেও বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. আরমান শাহ, মো. ফরহাদুল ইসলাম ও মো. মেহেদী হাসান। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে।

সিনিয়র শিক্ষক শান্তিময় চাকমা বলেন,
“শিক্ষার্থীর তুলনায় শিক্ষক সংকট প্রকট। তবে পদায়িত শিক্ষকরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতেন, তাহলে গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হতো।”
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “কিছু শিক্ষক অসুস্থতার বা পারিবারিক অজুহাতে ছুটিতে গিয়ে আর ফিরে আসেন না। এতে শিক্ষার্থীদের শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এ বিষয়ে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন,
“বিদ্যালয়ের শিক্ষক সংকট ও অনুপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯