ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
বুধবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের লিয়াজোঁ কর্মকর্তা গার্ট বিনডার জেলা প্রশাসকের কার্যালয়ে এসে এ সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. বিল্লাল হোসেন, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলাম সাগর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনেআরাসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের লিয়াজোঁ কর্মকর্তা গার্ট বিনডারকে অবহিত করা হয়। এ সময় তিনি এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ইউরোপীয় ইউনিয়ন আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, পর্যবেক্ষক দল পাঠানোর আগে তারা বিভিন্ন এলাকায় গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ের মাধ্যমে জেলা পর্যায়ে দেশি ও বিদেশি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। গার্ট বিনডার ইউরোপীয় ইউনিয়নের একটি পর্যবেক্ষক সংস্থার লিয়াজোঁ কর্মকর্তা হিসেবে ঝিনাইদহ জেলার নির্বাচনী পরিবেশ সম্পর্কে অবহিত হয়েছেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
