বিদ্যুৎ ও জ্বালানি খাতে গবেষণা ও নীতিনির্ধারণ জোরদারে মন্ত্রণালয়ের বাইরে একটি স্বতন্ত্র ও শক্তিশালী গবেষণা ইনস্টিটিউশন গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য একটি আলাদা প্রতিষ্ঠান প্রয়োজন, যা দেশ-বিদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সরকারকে নীতিগত সহায়তা দেবে।
আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ‘জ্বালানি ও বিদ্যুৎ খাত মহাপরিকল্পনা ২০২৬–২০৫০’ উপস্থাপন করে। সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মহাপরিকল্পনার মূল লক্ষ্য হিসেবে দেশীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত দায়বদ্ধতার মাধ্যমে দেশের সকল মানুষের জন্য নির্ভরযোগ্য, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ও প্রাথমিক জ্বালানি নিশ্চিত করার কথা তুলে ধরা হয়।
সভায় আগের তিনটি মহাপরিকল্পনার নীতিগত ঘাটতি চিহ্নিত করে তা পর্যালোচনা করা হয়। নতুন মহাপরিকল্পনাটি তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে—প্রথম ধাপ (২০২৬–২০৩০) দ্বিতীয় ধাপ (২০৩০–২০৪০) এবং তৃতীয় ধাপ (২০৪০–২০৫০)।
২০২৬ থেকে ২০৩০ সময়কালের ফার্স্ট ট্র্যাক প্রাধান্যপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অফশোর অনুসন্ধান রাউন্ড গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি সরবরাহ নিরাপত্তা নিশ্চিতকরণ রিফাইনারি সক্ষমতা সম্প্রসারণ এবং কৌশলগত জ্বালানি মজুদ সক্ষমতা বৃদ্ধি।
দীর্ঘমেয়াদি কৌশলগত প্রকল্প হিসেবে অফশোর গ্যাস উন্নয়ন, বৃহৎ পরিসরে রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল শিল্প সম্প্রসারণ, হাইড্রোজেন ও অ্যামোনিয়া অবকাঠামো উন্নয়ন, ভূ-তাপীয় (জিওথার্মাল) শক্তি এবং জোয়ার-ভাটা ও সমুদ্র তরঙ্গভিত্তিক শক্তি উন্নয়নের পরিকল্পনার কথা আলোচনায় উঠে আসে।
সভায় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণ বিদ্যুৎ ও জ্বালানি খাত। এই খাত শক্তিশালী হলে পুরো অর্থনীতি দাঁড়িয়ে যাবে। দেশের প্রতিটি মানুষের জীবন এ খাতের সঙ্গে সরাসরি জড়িত।
অতীতের পরিকল্পনাকে খাপছাড়া উল্লেখ করে তিনি বলেন, ‘একদম শুরু থেকে নতুন করে চিন্তা করতে হবে। আগের মতো হয়েছে বলেই সেই পথেই যেতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভুল লোকেশন ও ভুল কাঠামোর পুনরাবৃত্তি যেন আর না হয়, সে জন্য গবেষণাভিত্তিক সিদ্ধান্ত জরুরি।’ বিকল্প জ্বালানি উৎস নিয়েও গবেষণা জোরদারের নির্দেশ দেন তিনি।
মন্ত্রণালয় জানায়, বিদ্যুৎ চাহিদা ২০৫০ সালের মধ্যে ১৭ গিগাওয়াট থেকে বেড়ে ৫৯ গিগাওয়াটে পৌঁছাবে, যা পরিবেশগত ও সামাজিক চাপ সৃষ্টি করতে পারে। তবে পরিচ্ছন্ন ও অধিক দক্ষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণ ০.৬২ টন থেকে কমে ০.৩৫ টন CO₂/মেগাওয়াট-ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হবে।
মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে জলবায়ু উদ্যোগের ফলে বছরে ৬৪.৫ মিলিয়ন টন এবং মোট ১,৬০০ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হ্রাস করা সম্ভব হবে।
এ পরিকল্পনার অংশ হিসেবে ইতোমধ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০’ বাতিল, মার্চেন্ট পাওয়ার পলিসি ২০২৫, রিনিউএবল এনার্জি পলিসি ২০২৫, রুফটপ সোলার প্রোগ্রাম ২০২৫ এবং নেট মিটারিং গাইডলাইন ২০২৫ গ্রহণ করা হয়েছে।
মহাপরিকল্পনা অনুযায়ী, ২০২৬–২০৫০ মেয়াদে জ্বালানি খাতে ৭০–৮৫ বিলিয়ন মার্কিন ডলার এবং বিদ্যুৎ খাতে ১০৭.২৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রয়োজন হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
