“এই নতুন বাংলাদেশে A দল–B দল দেখানোর রাজনীতি আর চলবে না”—এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।
মঙ্গলবার দুপুরে খুলনার রূপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিএসবি নাগরিক সমাজের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ মোড়ল এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান।
আজিজুল বারী হেলাল বলেন, “এই সহজ-সরল মানুষগুলোর ভালোবাসা আমাকে অভিভূত করেছে। আপনারা আমাকে পরিবারের সদস্য হিসেবে দেখেন—আমি আপনাদের সেই দায়িত্ব নিতে প্রস্তুত। সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন দেশের আপামর মানুষের প্রিয় নেত্রী। আজ আমরা তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া করছি। আল্লাহ যেন তাঁকে পরকালে সম্মানিত করেন।”
স্থানীয় উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “এই অঞ্চলের খালগুলো মাটিতে ভরে গেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন—২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বিএনপি সরকার গঠন করলে এই এলাকায় খাল খনন ও বিশুদ্ধ পানির প্ল্যান্ট স্থাপন করা হবে। লবণাক্ত পানির সমস্যা সমাধানে আমরা কার্যকর উদ্যোগ নেব।”
তিনি রূপসাবাসীর উদ্দেশে বলেন, “আপনারা যদি আমাকে সংসদে পাঠাতে চান, তাহলে সবাই মিলে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি শুধু সরকার গঠনই করবে না, পরিকল্পিতভাবে দেশ পরিচালনা করবে।”
এদিন বিকেল সাড়ে ৩টায় টিএসবি ইউনিয়নের তালতলা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীরা এবং সন্ধ্যা ৬টায় সেনের বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে পৃথকভাবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় প্রার্থনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপি, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
