সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল কৌশলগত বৈঠক করেছে। বৈঠকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য এলাকা সংরক্ষণসহ সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় নতুন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।
সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইউনেস্কো বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক প্রধান কিজি তাহনিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা এবং যুগ্ম সচিব ইলিয়া সুমনা উপস্থিত ছিলেন।
বৈঠকে সংস্কৃতি মন্ত্রী বাংলাদেশ ও ইউনেস্কোর দীর্ঘদিনের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বৈশ্বিক স্বীকৃতিসহ সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে বাংলাদেশের অবদান বিশ্বে বিশেষভাবে স্বীকৃত। তিনি সংবিধানের ২৩ ও ২৪ অনুচ্ছেদের আলোকে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
আলোচনায় ইউনেস্কোর সহযোগিতায় বাগেরহাটের ‘ঐতিহাসিক মসজিদের শহর’ বিশ্ব ঐতিহ্য এলাকা সংরক্ষণে একটি নতুন প্রকল্পের ওপর গুরুত্বারোপ করা হয়। আলিফ (ALIPH) ফাউন্ডেশনের সহায়তায় প্রস্তাবিত এ প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি এবং পরিবেশগত ক্ষতির কারণে ঝুঁকির মুখে থাকা প্রত্নতাত্ত্বিক স্থাপনা, বেলেপাথরের মেহরাব, স্তম্ভ ও প্রাচীন দেয়াল সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া বৈঠকে টাঙ্গাইল শাড়ির ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য (ICH) তালিকায় অন্তর্ভুক্তি, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সাংস্কৃতিক খাতের ক্ষয়ক্ষতি নিয়ে ইউনেস্কোর র্যাপিড অ্যাসেসমেন্ট প্রতিবেদন, সাংস্কৃতিক ও সৃজনশীল শিল্প (CCI) নীতিমালা, ডিজিটাল আর্কাইভ স্থাপন, জাদুঘর আধুনিকায়ন এবং সাংস্কৃতিক কূটনীতি জোরদারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
ইউনেস্কো প্রতিনিধি ড. সুসান ভাইজ বৈশ্বিক সংস্কৃতি নীতিনির্ধারণে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি দেশের সাংস্কৃতিক খাতের পুনরুজ্জীবন, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধিতে ইউনেস্কোর কারিগরি সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ-ইউনেস্কো কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
