ঢাকা, ১৭ জুন ২০২৬, বুধবার, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইরানে ছড়িয়ে পড়ছে সহিংসতা, ১১ দিনে অন্তত ৩৪ বিক্ষোভকারী নিহতের দাবি

বিশ্ব | আন্তর্জাতিক ডেস্ক

(৫ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১:০৯ অপরাহ্ন

banglahour

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে বুধবার রাতেও বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষের খবর পাওয়া গেছে। অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া এই অস্থিরতা টানা ১১তম দিনে গড়িয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স, যা বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত, জানিয়েছে—দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোরদেগান শহরে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতদের নাম হাদি আজারসালিম ও মুসলেম মাহদাভিনাসাব বলে উল্লেখ করেছে সংস্থাটি। ফার্সের প্রতিবেদনে দাবি করা হয়, ‘দাঙ্গাকারীদের’ একটি দলের মধ্যে থাকা সশস্ত্র ব্যক্তিরা তাদের গুলি করে হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থান দেখা গেছে। একাধিক ভিডিওতে পেছনে গুলির শব্দ শোনা যায়। অন্য ফুটেজে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস ছুড়ছে, আর বিক্ষোভকারীরা পাল্টা পাথর নিক্ষেপ করছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, বিক্ষোভ এখন পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের ১১১টি শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। সংস্থাটির দাবি অনুযায়ী, সহিংসতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় দুই হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, বিবিসি পার্সিয়ান এখন পর্যন্ত ২১ জন নিহতের পরিচয় ও মৃত্যুর তথ্য যাচাই করে নিশ্চিত করেছে। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে পাঁচজন নিরাপত্তা সদস্য নিহত হওয়ার তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ২৮ ডিসেম্বর, যখন রাজধানী তেহরানে দোকানদাররা মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের তীব্র পতনের প্রতিবাদে রাস্তায় নামেন। গত এক বছরে রিয়াল রেকর্ড নিম্নস্তরে নেমে গেছে এবং দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে প্রায় ৪০ শতাংশে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সরকারি দুর্বল ব্যবস্থাপনা ও ব্যাপক দুর্নীতি দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

প্রথমে অর্থনৈতিক দাবিদাওয়া থেকে শুরু হলেও, বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেওয়ার পর তা দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। বিক্ষোভে অংশ নেওয়া জনতা প্রায়ই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। কোথাও কোথাও নির্বাসিত সাবেক শাহের ছেলে রেজা পাহলভীর পক্ষেও স্লোগান শোনা গেছে।

বুধবার বিবিসি পার্সিয়ান যাচাই করা ভিডিওতে দেখা গেছে, তেহরানের উত্তর-পশ্চিমের শহর কাজভিনে বিক্ষোভকারীরা ‘স্বৈরাচারীর মৃত্যু হোক’ ও ‘শাহ দীর্ঘজীবী হোক’—এমন স্লোগান দিচ্ছে। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে বিক্ষোভকারীরা ‘পুলিশ বাহিনী, সমর্থন করো’ বলে স্লোগান দিলে পরে নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়।

উত্তর-পশ্চিমাঞ্চলের শিয়া পবিত্র শহর মাশহাদে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয় এবং তাদের পিছু হটতে বাধ্য করা হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাদান শহরে, যা ইরাক সীমান্তের কাছে অবস্থিত, বড় ধরনের বিক্ষোভ দেখা গেছে। সেখানে বিক্ষোভকারীরা ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্য করে ‘কামান, ট্যাংক, আতশবাজি—মোল্লারা বিদায় নাও’ স্লোগান দেন।

আবাদানের একাধিক ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনী গুলি চালাতে চালাতে পিছিয়ে যাচ্ছে, আর বিক্ষোভকারীরা পাথর ও বিভিন্ন বস্তু ছুড়ে এগিয়ে আসছে। রাত নামার পর পশ্চিমাঞ্চলীয় আলিগুদারজ শহরে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেয়।

ইরানের ভেতরে আন্তর্জাতিক ও স্বাধীন গণমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ থাকায় এসব ঘটনার তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যাচাই করা কঠিন বলে জানিয়েছে বিবিসি। তবে লোরদেগান সাম্প্রতিক অস্থিরতার অন্যতম কেন্দ্র ছিল, যেখানে গত বৃহস্পতিবার দুই বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া যায়।

বিশ্ব থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯