জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারিক প্রক্রিয়ায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক গুরুত্বপূর্ণ মামলার কার্যক্রম পরিচালিত হয়েছে। ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশনার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের মামলার শুনানির দিন পিছিয়ে আগামী ১১ জানুয়ারি ধার্য করা হয়েছে।
চব্বিশের জুলাই-আগস্ট আন্দোলন চলাকালীন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা, যার ফলে তথ্য আদান-প্রদান ব্যাহত করে ব্যাপক হারে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। তবে আদালত শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন আগামী ১১ জানুয়ারি।
ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করাসহ দুইজনকে হত্যার মামলার কার্যক্রম চলছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য ও ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাওয়া সেই বীভৎস হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।
অন্যদিকে, বিচারপতি শফিউল আজমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফসহ চার আসামির মামলার বিচার কাজ চলছে। স্পর্শকাতর এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে ‘ক্যামেরা ট্রায়াল’ বা রুদ্ধদ্বার কক্ষে শুনানির মাধ্যমে।
আজকের কার্যক্রমের অন্যতম আকর্ষণ শহীদ আবু সাঈদ হত্যা মামলা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাঈদকে পুলিশের গুলিতে হত্যার ঘটনায় তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জেরা আজ এই ট্রাইব্যুনালেই অনুষ্ঠিত হবে। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব মামলায় গ্রেফতারকৃত মোট ৮ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উৎসুক জনতা ও আইনজীবীদের ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে শহীদ পরিবারের সদস্যরা বিচারের দাবিতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, প্রতিটি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতে তারা বদ্ধপরিকর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
