সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ি, গরু, জিরা, চিনি, চকলেট, শীতের কম্বল, কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ উদ্ধার করা হয়।
এছাড়াও বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশি লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ জব্দ করা হয়। একই সঙ্গে চোরাচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপও আটক করা হয়েছে।
আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭শ’ টাকা বলে বিজিবি জানিয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
