ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্ভাব্য গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী ১৬টি সংস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (আজ) সকাল ৯টায় নির্বাচন কমিশন কার্যালয়ে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে এ বৈঠক শুরু হয়। এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সমন্বয়মূলক প্রস্তুতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
এদিকে একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানিও চলছে। নির্বাচন কমিশনে আজ দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ইসি সূত্র জানায়, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলগুলোর ওপর ধারাবাহিকভাবে শুনানি নেওয়া হচ্ছে। আজ দ্বিতীয় দিনের শুনানিতে সকাল ১০টা থেকে মোট ২৪ জন প্রার্থীর আপিল শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে। পাশাপাশি আপিল শুনানির মাধ্যমে প্রার্থীদের অভিযোগ ও আবেদনগুলো আইন অনুযায়ী নিষ্পত্তি করা হচ্ছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইসির এই তৎপরতা নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
