খুলনার রূপসা উপজেলায় আব্দুল রাশেদ ওরফে বিকুল (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাত আনুমানিক একটার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। রোববার সকালে রূপসা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত বিকুল নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক একটার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় অবস্থানকালে দুর্বৃত্তরা বিকুলকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন এবং দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক আড়াইটার দিকে বিকুল মারা যান।
রূপসা থানার ডিউটি অফিসার মো. জনি মিয়া জানান, নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে খুলনায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
