বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পারস্পরিক সম্পর্ক ও কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখেই ভারত থেকে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা আদায় করা হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌর শহরের তাঁতীপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি পরীক্ষিত রাজনৈতিক দল। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা এবং বিচার বিভাগের স্বাধীনতা—এসবই বিএনপির ঐতিহাসিক অর্জন। অতীতেও বিএনপি সরকার পরিচালনা করেছে এবং বর্তমানে ঘোষিত ৩০ দফার মাধ্যমেও এসব সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতারই প্রমাণ। এতে বিএনপি উদ্বিগ্ন। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তবে নির্বাচনকালীন সময়ে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্রিকেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এক সময় তিনি নিজেও ক্রিকেট খেলেছেন এবং ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সদস্য ছিলেন। বর্তমানে খেলাধুলার সঙ্গে রাজনীতি জড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের সম্মান এখানে জড়িত। একজন বাংলাদেশি ক্রিকেটারকে অপমান করার ঘটনা মূলত পুরো দেশকেই অপমান করা। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত পোষণ করেন। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
তারেক রহমানের ঠাকুরগাঁও সফর প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই উত্তরবঙ্গে আসবেন। উত্তরবঙ্গই তার পিতৃভূমি, পাশাপাশি তার নানাবাড়িও এই অঞ্চলে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
