ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে—ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি, ঢাকা ।

(৯ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:৪২ অপরাহ্ন

banglahour

জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করে নির্বাচন ব্যবস্থায় মৌলিক সংস্কার ও জবাবদিহির ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নির্বাচন ডাকাতি আর কখনো যেন না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতেই হবে।

সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়। প্রতিবেদন জমা দেওয়ার পর কমিশনের সদস্যদের সঙ্গে তদন্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিশন প্রধান সাবেক বিচারক বিচারপতি শামীম হাসনাইন, সদস্য শামীম আল মামুন, কাজী মাহফুজুল হক সুপণ, ব্যারিস্টার তাজরিয়ান আকরাম হোসেন ও ড. মো. আব্দুল আলীম। উপদেষ্টাদের মধ্যে ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রতিবেদনে কমিশন জানায়, ২০১৪ সালের জাতীয় নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত। ওই নির্বাচনে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বাকি ১৪৭টি আসনে নামমাত্র প্রতিদ্বন্দ্বিতায় ভোট অনুষ্ঠিত হয়। তদন্তে উঠে এসেছে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ ব্যবস্থাপনা করা হয়েছিল।

কমিশনের প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালের নির্বাচন আন্তর্জাতিকভাবে সমালোচিত হওয়ায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ২০১৮ সালের নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতামূলক’ হিসেবে উপস্থাপনের পরিকল্পনা নেয়। বিএনপিসহ বিরোধী দলগুলো সেই সুদূরপ্রসারী পরিকল্পনা অনুধাবন করতে না পেরে নির্বাচনে অংশ নেয়।

প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছুটা জানতামও। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে সিস্টেমকে দুমড়ে-মুচড়ে নিজেদের মতো করে ফল লিখে দেওয়া হয়েছে—এসব জাতির সামনে তুলে ধরা দরকার। পুরো রেকর্ড থাকা দরকার।

তিনি আরও বলেন, দেশের মানুষের টাকায় নির্বাচন আয়োজন করে পুরো জাতিকেই শাস্তি দেওয়া হয়েছে। মানুষ অসহায়ের মতো তাকিয়ে ছিল, কিছু করতে পারেনি। জনগণ যেন অন্তত কিছুটা স্বস্তি পায়, সে জন্য যারা জড়িত ছিল তাদের চেহারা সামনে আনতে হবে—কারা করল, কীভাবে করল, তা জানতে হবে।

তদন্ত কমিশনের প্রাক্কলন অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করা হয়। প্রশাসনের ভেতরে আওয়ামী লীগকে জেতাতে এক ধরনের অসৎ প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, যার ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার ১০০ শতাংশেরও বেশি দেখানো হয়। আর ২০২৪ সালের নির্বাচনে বিএনপিসহ বিরোধী দল অংশ না নেওয়ায় ‘ডামি’ প্রার্থী দিয়ে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর কৌশল গ্রহণ করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০১৪ থেকে ২০২৪—এই তিনটি নির্বাচনের পরিকল্পনা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয় এবং তা বাস্তবায়নে প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশকে রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করা হয়। কিছু কর্মকর্তার সমন্বয়ে গঠিত বিশেষ একটি ‘নির্বাচন সেল’ এসব কার্যক্রম সমন্বয় করে।

কমিশনের মতে, এই সময়ে নির্বাচন কমিশনের কাছ থেকে কার্যত নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ প্রশাসনের হাতে চলে যায়। ফলে কমিশনের পরিবর্তে প্রশাসনই হয়ে ওঠে নির্বাচন পরিচালনার প্রধান শক্তি।

প্রতিবেদনের শেষে ভবিষ্যতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে একাধিক সুপারিশও দিয়েছে তদন্ত কমিশন। সরকার এসব সুপারিশ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম