পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ও মিরুখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুটি ব্রিজ পুনর্নির্মাণ করে দিয়েছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। এর ফলে দীর্ঘ ছয় বছর ধরে চলা সাতটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতজনিত দুর্ভোগের অবসান হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রিজ দুটি উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘ ছয় বছর ধরে ধানীসাফা ও মিরুখালী ইউনিয়নের আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর থাকা ব্রিজ দুটি পুনর্নির্মাণ না হওয়ায় সাতটি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়।
বিষয়টি স্থানীয় যুবদলের নজরে এলে ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে ও অর্থায়নে ব্রিজ দুটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুটি ভেঙে যাওয়ার কারণে এলাকার হাজার হাজার মানুষ দীর্ঘদিন দুর্ভোগ পোহাচ্ছিল। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক করতে স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আমরা ব্রিজ দুটি নির্মাণের ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
