সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের কল্যাণ কামনায় দোয়া করা আমাদের সবার ঈমানি দায়িত্ব, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল মালিক।
বুধবার বাদ মাগরিব সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার তেতলী উত্তরপাড়া ইসলামী যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
এম এ মালিক বলেন, “আজ এখানে উপস্থিত মুরুব্বি ও আলেম-ওলামাদের সামনে কথা বলতে পেরে আমি সম্মানিত বোধ করছি। কিছু পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে সময়মতো উপস্থিত হতে না পারায় আমি দুঃখ প্রকাশ করছি।”
তিনি বলেন, “আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু দেশের শীর্ষ আলেম-ওলামারা তাঁর জানাজায় অংশ নিয়েছেন—এটাই তাঁর নেতৃত্ব ও জীবনের বড় স্বীকৃতি। তাই আমাদের নিয়মিত তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা উচিত।”
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এম এ মালিক বলেন, “দেশ, জাতি ও ইসলামের জন্য আমাদের আরও সচেতন হতে হবে। শুধু ওয়াজ শোনা নয়, আমলের মাধ্যমেই নিজেকে পরিবর্তন করতে হবে।”
তিনি আরও বলেন, “একটি রাত ঘুম না হলে কিছুই হয় না। আল্লাহর সন্তুষ্টি ও দেশের কল্যাণে সামান্য কষ্ট স্বীকার করাও ইবাদতের অংশ। এই মাটি আমার জন্মভূমি, এই এলাকার মানুষের কাছে আমার দায় ও দায়িত্ব সবচেয়ে বেশি।”
শেষে তিনি উপস্থিত মুরুব্বি, যুবক ও এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন এবং আগামী দিনে সবার সঙ্গে বসে এলাকার উন্নয়ন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার আশাবাদ ব্যক্ত করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
