চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু সেনাবাহিনীর হেফাজতে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অস্ত্র উদ্ধারের নামে তাকে আটক করে অমানুষিক নির্যাতনের ফলে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন স্বজন ও দলীয় নেতাকর্মীরা।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া যায়। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান ‘হাফিজা ফার্মেসি’ থেকে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর জীবননগর উপজেলা শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত ডাবলুর ভাই, জীবননগর উপজেলা বন কর্মকর্তা শরিফুল ইসলাম কাজল কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
জীবননগর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রিমন অভিযোগ করে বলেন, শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে সেনাবাহিনীর সদস্যরা ডাবলুসহ চার ভাইকে নির্যাতন ও বেধড়ক মারধর করে।
এ বিষয়ে ক্যামেরার সামনে সেনাবাহিনীর কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডাবলুর কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে রাত ৩টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান বিজিএমইএর সভাপতি, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, “আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনি পথেই বিচার চাই।”
ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে সারারাত সেনাবাহিনীর সদস্যরা অবরুদ্ধ অবস্থায় ছিলেন।
এদিকে, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জীবননগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পে নিয়োজিত ক্যাপ্টেন সৌমিকসহ অন্যান্য সেনা সদস্যদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের সময় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধর ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ স্থানীয়দের মধ্যে রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
