ঢাকা, ১৬ আগস্ট ২০২৬, রবিবার, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৭ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ১০:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২১ অপরাহ্ন

banglahour

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি ইলেকশন অবজারভেশন মিশন (Election Observation Mission) মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে।

এ উপলক্ষে আজ ১৩ জানুয়ারি ২০২৬, বিকাল ৩.০০ ঘটিকায়, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেঙ্কা।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) জনাব মনির হায়দার উপস্থিত ছিলেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের প্রতিনিধিরা মিশনের উদ্দেশ্য, কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে মুখ্য সমন্বয়ককে অবহিত করেন। তারা জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রায় ২০০ জন পর্যবেক্ষক ও ১১ সদস্যবিশিষ্ট বিশ্লেষক দল নিয়ে গঠিত মূল মিশনটি ইতোমধ্যে ২৯ ডিসেম্বর ২০২৫ ঢাকায় পৌঁছেছে।

আগামী ১৭ জানুয়ারি ২০২৬ থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করা হবে। তারা নিজ নিজ নির্ধারিত এলাকায় নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করে নিয়মিতভাবে মূল দলের কাছে প্রতিবেদন দাখিল করবেন। এছাড়া নির্বাচনের কয়েক দিন আগে ভোটগ্রহণ, ভোট গণনা এবং ফলাফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মিশনে যোগ দেবেন।

এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় এবং অংশীদার দেশসমূহ থেকে কয়েকজন অতিরিক্ত স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এই মিশনের সঙ্গে যুক্ত হবেন বলে জানানো হয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আরও জানান, ইইউ-এর সুনির্দিষ্ট ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পর্যবেক্ষণ পদ্ধতি অনুসরণ করে এই মিশন সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার একটি তথ্যনির্ভর, সামগ্রিক ও নিরপেক্ষ বিশ্লেষণ উপস্থাপন করবে।

আগামী ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ঢাকায় ইইউ ইলেকশন অবজারভেশন মিশন তাদের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করবে এবং এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হবে।

নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণভাবে শেষ হওয়ার পর সংশ্লিষ্ট অংশীজনদের কাছে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন পেশ করা হবে। ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশসমূহ অন্তর্ভুক্ত করে এই প্রতিবেদনটি মিশনের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

এ সময় গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেন,ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম