ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে: মার্কিন কূটনীতিকদের আশ্বস্ত করলেন প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা ।

(৯ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ২:৪২ অপরাহ্ন

banglahour

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ নেই।

মঙ্গলবার রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক—আলবার্ট গম্বিস ও মোর্স ট্যান—এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। তারা দুজনই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ও ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছে যে,
যাই বলা হোক না কেন, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে—এক দিন আগেও নয়, এক দিন পরেও নয়।

তিনি আরও বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ, এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে। নির্বাচনের পুরো প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ঘিরে ভুয়া খবর ও বিভ্রান্তিকর তথ্যের বন্যা বইছে। তবে জনগণ এখন অনেক বেশি সচেতন এবং ক্রমেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ভুয়া ভিডিও ও তথ্য শনাক্ত করতে পারছে।

এক ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন ছাড়াও জুলাই বিপ্লব ও তার পরবর্তী পরিস্থিতি, তরুণ আন্দোলনকারীদের ভূমিকা, জুলাই চার্টার ও গণভোট, নির্বাচনকে ঘিরে ভুয়া তথ্য প্রচার, রোহিঙ্গা সংকট, এবং জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য সত্য ও পুনর্মিলনের সম্ভাবনানিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গণভোট প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সরকার “হ্যাঁ” ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কারণ জনগণের অনুমোদনের মাধ্যমে কার্যকর হওয়া জুলাই চার্টার ভবিষ্যতে স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করবে এবং একটি নতুন গণতান্ত্রিক শাসনব্যবস্থার সূচনা করবে।

তিনি বলেন, সাবেক স্বৈরাচারী শাসনের সমর্থকেরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ভুয়া খবর ছড়াচ্ছে। তবে জনগণ এ বিষয়ে সতর্ক রয়েছে।

মার্কিন সাবেক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি অব স্টেট আলবার্ট গম্বিস বলেন, ভুয়া খবর বর্তমানে বিশ্বব্যাপী গণতন্ত্রের অন্যতম বড় শত্রুতে পরিণত হয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা জরুরি।

উভয় কূটনীতিক গত দেড় বছরে দেশ পরিচালনায় প্রধান উপদেষ্টার ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে তারা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ-পরবর্তী ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মতো কোনো উদ্যোগ বাংলাদেশে নেওয়া সম্ভব কি না—এ প্রশ্ন তোলেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, নেলসন ম্যান্ডেলার ঘনিষ্ঠ হিসেবে তিনি সে প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে তেমন উদ্যোগ নেওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি।

তিনি বলেন,সত্য ও পুনর্মিলন তখনই সম্ভব, যখন অপরাধ স্বীকার করা হয়, অনুশোচনা ও অনুতাপ প্রকাশ করা হয়। কিন্তু এখনো তা দেখা যাচ্ছে না। বরং জুলাই গণঅভ্যুত্থানে নিহত তরুণদের সন্ত্রাসী বলে দাবি করা হচ্ছে, যদিও নৃশংস অপরাধের বিপুল প্রমাণ বিদ্যমান। বৈঠকে এসডিজি সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম