উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে বাধা ও তিতাস গ্যাসের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর শনির আখড়া এলাকার পলাশপুরের ৫ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সূত্রে জানা গেছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দনিয়া টিবিএস থেকে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএসগামী উচ্চচাপ বিশিষ্ট ১৬ ইঞ্চি (১৫০ পিএসআইজি) মেইন বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, উক্ত উচ্চচাপ বিতরণ লাইন থেকে অবৈধভাবে ২ ইঞ্চি লাইনের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা আবাসিক স্থাপনায় গ্যাস ব্যবহার করছেন, যা যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণসহ জানমালের ব্যাপক ক্ষতির কারণ হতে পারে।
তবে অবৈধ লাইন অপসারণের সময় কিছু উশৃঙ্খল ব্যক্তি জড়ো হয়ে অভিযানে বাধা সৃষ্টি করে। এ সময় তারা তিতাস গ্যাসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পাশাপাশি তিতাস গ্যাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ফোন ভাঙচুর এবং মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সংশ্লিষ্ট বাহিনীসহ অভিযান পরিচালনাকারীরা অবৈধ লাইন উচ্ছেদ না করেই স্থান ত্যাগ করতে বাধ্য হন।
এমতাবস্থায়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পলাশপুর (শনির আখড়া) এলাকার ৫ নম্বর রোডের বাসিন্দাদের উক্ত উচ্চচাপ ১৬ ইঞ্চি (১৫০ পিএসআইজি) বিতরণ লাইন থেকে সংযুক্ত ২ ইঞ্চি অবৈধ লাইনের মাধ্যমে গ্যাস ব্যবহার না করার জন্য কঠোরভাবে অনুরোধ জানিয়েছে।
একই সঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, ওই উচ্চচাপ ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন থেকে গ্যাস সংযোগ গ্রহণের ফলে কোনো দুর্ঘটনা বা জানমালের ক্ষতি হলে তার দায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ বহন করবে না।
তিতাস গ্যাস কোম্পানি উচ্চচাপসহ সব ধরনের অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদে সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের জনগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা কামনা করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
