শেষ পর্যন্ত ভাঙছে না ১১ দলীয় রাজনৈতিক জোট। জোটের শীর্ষ নেতারা জানিয়েছেন, ইসলামি আন্দোলনসহই ১১ দলীয় আসন সমঝোতা চূড়ান্ত হচ্ছে এবং এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আজ বৃহস্পতিবার রাত ৮টায়।
বৃহস্পতিবার মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে ১০ দলের শীর্ষ নেতারা সাংবাদিকদের এ তথ্য জানান। বিকেল সাড়ে ৩টার দিকে বৈঠকটি শেষ হয়।
বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন,
ইসলামি আন্দোলনসহ ১১ দলের যৌথ সংবাদ সম্মেলন হবে রাত ৮টায়। সেই সংবাদ সম্মেলনেই চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।
এনসিপির নেতা নাহিদ ইসলাম বলেন,
১১ দলীয় জোট নিয়ে এনসিপি আশাবাদী। আসন সমঝোতা ছাড়াও এই জোটের রাজনৈতিক গুরুত্ব রয়েছে।
গত কয়েকদিন ধরে ১১ দলীয় জোটের সঙ্গে ইসলামি আন্দোলনের আসন বণ্টন নিয়ে টানাপোড়েন চলছিল। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন ওঠে ,ইসলামি আন্দোলন জোটে থাকছে না।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইসলামি আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা মগবাজারে জামায়াতের কার্যালয়ে বৈঠকে বসেন। বিষয়টি নিয়ে নানা আলোচনা ও জল্পনা তৈরি হয়।
তবে বৈঠক শেষে জোটের নেতারা স্পষ্ট করে জানান, ১১ দলীয় জোট ভাঙছে না।
এ বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
কিছু মতভিন্নতা থাকলেও জোট নিয়ে তারা আশাবাদী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মতানৈক্য সত্ত্বেও শেষ পর্যন্ত আসন সমঝোতার দিকেই এগোচ্ছে ১১ দলীয় জোট, যা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
